রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক হুমকি এবং ন্যাটোর প্রতিরক্ষাব্যবস্থা নিয়ে উদ্বেগের মধ্যে যুক্তরাজ্য প্রায় এক লাখ সাবেক সামরিক সদস্যকে সম্ভাব্য যুদ্ধকালীন দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় ব্রিটিশ সেনাবাহিনী, রয়্যাল নেভি ও রয়্যাল এয়ার ফোর্সের সাবেক সদস্যদের কাছে চিঠি পাঠিয়েছে। স্নায়ুযুদ্ধের পর এত বিপুলসংখ্যক সামরিক রিজার্ভ সদস্যের সঙ্গে এ ধরনের যোগাযোগ এটাই প্রথম।
প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং এক সাক্ষাৎকারে উদ্যোগটির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যুক্তরাজ্য ও ন্যাটোর মিত্রদের সামনে নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই কঠিন হচ্ছে এবং এ অবস্থায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা প্রয়োজন। চিঠিতে সাবেক সদস্যদের যোগাযোগের তথ্য হালনাগাদ করতে এবং সক্রিয় দায়িত্ব ছাড়ার পর তাদের বর্তমান কাজ ও অর্জিত পেশাগত দক্ষতার তথ্য দিতে বলা হয়েছে।
চিঠিতে সামরিক প্রশিক্ষণ ও মহড়ায় স্বেচ্ছায় অংশ নেওয়ার সুযোগও রাখা হয়েছে। এর মধ্যে ২০২৭ সালের বসন্তে অনুষ্ঠিতব্য ন্যাটোর বড় মহড়া ‘স্টেডফাস্ট ডিফেন্ডার’-এ অংশ নেওয়ার বিষয় রয়েছে। গত অক্টোবরে স্ট্রিটিং বলেছিলেন, রাশিয়ার সামরিক সক্ষমতা বৃদ্ধি ও ন্যাটো সদস্যদের বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধের কারণে ২০৩০ সালের মধ্যে যুক্তরাজ্যকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে।