চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় চলমান সংঘাতে জড়িত সকল পক্ষ—বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানকে—সহিংসতার ‘দুষ্টচক্র’ থেকে বেরিয়ে নতুন করে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছে। হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের হুমকি নিয়ে প্রশ্নের জবাবে মুখপাত্র লিয়ান জিয়ান সতর্ক করে বলেন, শত্রুতা আরও বাড়লে পুরো অঞ্চলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে। তিনি জোর দিয়ে বলেন, এই যুদ্ধের শুরুই হওয়া উচিত ছিল না।
সংবাদে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলি যুদ্ধ উপসাগরীয় অঞ্চলসহ বিশ্বজুড়ে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে। মধ্যপ্রাচ্যে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্ন ও তেলের দাম বৃদ্ধির কারণে সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের ব্যয়ও বেড়েছে।
যদিও ইরান যুদ্ধের কারণে চীনের ওপর এখনো বড় প্রভাব পড়েনি, দেশটি চাপ অনুভব করছে। গ্লোবাল এনার্জি পলিসি সেন্টারের তথ্যমতে, চীনের মোট তেল আমদানির মাত্র ১২ শতাংশ আসে ইরান থেকে।