কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ নন-ইউরিয়া সার ব্যবস্থাপনা জোরদারে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। সোমবার কৃষি ভবনে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) আয়োজিত এক সভায় তিনি এসব নির্দেশনা প্রদান করেন। সভায় সার ব্যবস্থাপনা উন্নয়ন ও দেশের কৃষি উৎপাদন টেকসই করার বিষয়ে আলোচনা হয়।
কৃষিমন্ত্রী জানান, টেকসই ও সুষম উন্নয়ন নিশ্চিত করতে সরকার কৃষিখাতকে অগ্রাধিকার দিচ্ছে। তিনি বলেন, আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের মহাপরিকল্পনা নেওয়া হয়েছে, যার মধ্যে চলতি ২০২৫–২০২৬ অর্থবছরে ৫ হাজার কিলোমিটার খাল খনন কার্যক্রম চলছে। প্রান্তিক কৃষকদের সহায়তায় শিগগিরই কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে বলেও তিনি জানান।
মন্ত্রী আরও বলেন, দেশে পর্যাপ্ত সার মজুদ রয়েছে এবং আমদানি অব্যাহত থাকায় কোনো সংকট হবে না। সার পরিবহনে ব্যয় সাশ্রয় ও জবাবদিহিতা নিশ্চিত করতে রেলপথ ব্যবহারের সম্ভাব্যতা যাচাইয়ের পরিকল্পনাও নেওয়া হয়েছে।