ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় আওয়ামী লীগ কর্মীরা পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়া পরা এক নেতাকে ছিনিয়ে নিয়েছেন। মঙ্গলবার সকালে মুন্সিরচর বাজার থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. কবির খান (৫২) কে সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার করলে তার লাঠিয়াল বাহিনী পুলিশকে আক্রমণ করে। হামলাকারীরা পুলিশকে মারধর করে কবির খানকে ছিনিয়ে নেয়। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন এবং তারা চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় চরভদ্রাসন থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানায়, কবির খানের বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে, যার মধ্যে ভূমি দখল, হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগও অন্তর্ভুক্ত। পদ্মা নদীর দুর্গম এলাকায় তাকে গ্রেপ্তার করার সময় তার অনুসারীরা হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়।
ঘটনার পর কবির খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি বলে জানা গেছে।