আফগানিস্তান থেকে পাকিস্তানের আকাশসীমায় ড্রোন হামলার দাবির এক দিন পর আফগানিস্তানের ১০টি স্থানে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, হামলার লক্ষ্য ছিল ড্রোন উৎক্ষেপণ ও সংরক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনা।
তারার দাবি করেন, বুধবার আফগানিস্তান থেকে আসা আটটি ড্রোন শনাক্ত করে ভূপাতিত করে পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। তিনি বলেন, আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেই এ হামলা চালানো হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, হামলাগুলো ছিল সুনির্দিষ্ট ও সীমিত এবং শুধু সামরিক লক্ষ্যবস্তুতে পরিচালিত। তিনি আফগান তালেবানকে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতা বন্ধের আহ্বান জানান।
পাকিস্তান বলেছে, আফগান ভূখণ্ডে সন্ত্রাসী গোষ্ঠীর ঘাঁটি ও আশ্রয়স্থল নিয়ে কাবুলকে বারবার সতর্ক করা হলেও প্রত্যাশিত ব্যবস্থা নেওয়া হয়নি। ইসলামাবাদ জানিয়েছে, আফগান ভূখণ্ড থেকে পাকিস্তানের বিরুদ্ধে যেকোনো হামলার জবাব দেওয়া হবে। গত ২১ সেপ্টেম্বর সীমান্তবর্তী এলাকায় হামলায় ২৮ জনের বেশি সন্ত্রাসী নিহত হওয়ার দাবি করে পাকিস্তান। সাম্প্রতিক গোলাগুলি, ড্রোন হামলা ও পাল্টা বিমান হামলায় দুই দেশের সম্পর্ক আরও উত্তপ্ত হয়েছে।