বাংলাদেশ সরকার এলপি গ্যাসের ওপর আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) কমানোর সিদ্ধান্ত নিয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ ১৬ ফেব্রুয়ারি এ তথ্য জানান। তিনি বলেন, শিল্পখাত ও গৃহস্থালি ব্যবহারের জন্য অপরিহার্য এই জ্বালানির বাজার স্থিতিশীল ও ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার জনস্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে। পূর্বে স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ে ২ শতাংশ আগাম কর দিতে হতো।
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সুপারিশ এবং এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। এতে ৩০ জুন পর্যন্ত স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ের ৭.৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ের ২ শতাংশ আগাম কর প্রত্যাহার করে আমদানি পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে।
এনবিআর জানায়, নতুন ব্যবস্থায় স্থানীয় উৎপাদন ও বিক্রয় পর্যায়ে আর কোনো ভ্যাট কার্যকর থাকবে না, ফলে ভোক্তাদের ওপর প্রায় ২০ শতাংশ মূসকভার কমবে।