হবিগঞ্জ সদর উপজেলার কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধের মেরামতস্থল ভেঙে অন্তত ২০ গ্রাম প্লাবিত হয়েছে। উজানে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে নদীর পানি বেড়ে যাওয়ার পর রোববার সকালে ভাঙন শুরু হয়। দেড় মাসেও পানি উন্নয়ন বোর্ড ভাঙনস্থান পুরোপুরি মেরামত করতে না পারায় প্রবল স্রোতের পানি লোকালয়ে ঢুকে পড়ে। ফসলি জমি তলিয়ে গেছে এবং পুকুর ও ফিশারি বানের পানিতে ভেসে যাচ্ছে।
এর আগে ৯ জুলাই রাত প্রায় ৯টায় একই এলাকার প্রতিরক্ষা বাঁধ ভেঙে অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছিল। তখন শত শত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানান। এলাকাবাসী বাঁধ সংস্কারকাজে ধীরগতি ও অনিয়মের অভিযোগ করে বলছেন, সময়মতো সংস্কার এবং স্থায়ী প্রতিরোধব্যবস্থা নিলে একই স্থানে আবার ভাঙন এড়ানো সম্ভব ছিল। স্থানীয় বাসিন্দা এরশাদ আলী বলেন, আগের বন্যার ধকল কাটার আগেই মানুষ আবার বিপদে পড়েছে।
দক্ষিণ চরহামুয়া, উত্তর চরহামুয়া, কালীগঞ্জ, সুঘর, আদ্যপাশা, নোয়াবাদ ও বনগাঁওসহ ২০ গ্রামে পানি ঢুকেছে। শিশু, বৃদ্ধ, নারী ও গবাদিপশু নিয়ে মানুষ নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছে। বিকাল ৩টার দিকে ধুলিয়াখাল-মিরপুর সড়কে পানি ওঠে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমান জানান, বল্লা পয়েন্টে খোয়াই নদীর পানি বিপৎসীমার ১৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।