গাইবান্ধার সাদুল্যাপুরে কুকুরের কামড়ে সিনথিয়া আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার উত্তর হাটবামুনী গ্রামে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে একটি কুকুর তাকে ধাওয়া করে কামড় দেয়। এতে সে রক্তাক্ত ও গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কামারপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মাজহারুল মাজেদ বাবু জানান, সিনথিয়া ওই গ্রামের সঞ্জু মিয়ার মেয়ে। শিশুটির মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, এলাকায় বেওয়ারিশ ও আক্রমণাত্মক কুকুরের পাশাপাশি শিয়ালের উপদ্রব বেড়েছে। এতে শিশুদেরসহ সব বয়সী মানুষের নিরাপত্তা নিয়ে অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
ঘটনার পর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত এবং এলাকার পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওজাতুন জান্নাত বলেন, কুকুরের কামড়ের ঘটনায় আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে এবং নির্ধারিত সময়ে জলাতঙ্কের টিকা নিতে স্থানীয়দের সচেতন করা হয়েছে।