গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী অভিযোগ করেছেন, আওয়ামী লীগের নেতারা দুর্নীতির মাধ্যমে দেশের মানুষের কষ্টার্জিত অর্থ বিদেশে পাচার করে সেখানে বসে নেতাকর্মীদের উসকানি দিচ্ছেন। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা শেষে রোববার দুপুরে টুঙ্গিপাড়ার পাটগাতী বাজারের পৌর মার্কেট এলাকায় আয়োজিত গণসমাবেশে তিনি এ কথা বলেন।
জিলানী বলেন, সাহস ও রাজনৈতিক শক্তি থাকলে সংশ্লিষ্ট নেতাদের মাঠে আসা উচিত এবং বিএনপি তাদের রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে। তিনি দাবি করেন, টুঙ্গিপাড়ায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বড় শোভাযাত্রা ইতিহাস সৃষ্টি করেছে। দেশ ও বিদেশ থেকে ফেসবুকে হুংকার ছড়ানো ব্যক্তিদের উদ্দেশে তিনি বলেন, জাতীয়তাবাদী দল প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না।
তিনি আরও বলেন, বিএনপির বিরুদ্ধে উসকানি বা অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ হলে টুঙ্গিপাড়া-কোটালীপাড়ার মানুষকে সঙ্গে নিয়ে রাজপথে তা মোকাবিলা করা হবে। শোভাযাত্রাটি পাটগাতী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে গওহরডাঙ্গা চৌরঙ্গি ও পাটগাতী বাজার ঘুরে পৌর মার্কেট এলাকায় শেষ হয়। পরে সেখানে গণসমাবেশ অনুষ্ঠিত হয় এবং স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।