শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্ক এবং ক্রমবর্ধমান রাজনৈতিক চাপের মুখে পদত্যাগ করেছেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকাবুমিং রাকা। দেশটির পার্লামেন্টের স্পিকার বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, ৩৯ বছর বয়সি জিবরান প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো ও পার্লামেন্টের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। পাঁচ বছরের মেয়াদের মাত্র দুই বছর দায়িত্ব পালনের পর তিনি পদ ছাড়লেন।
জিবরান সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদোর বড় ছেলে। বিদেশে তার পড়াশোনার নথি নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর তার নির্বাচনি যোগ্যতা প্রশ্নের মুখে পড়ে। গত মাসে সাংবিধানিক আদালত ও সুপ্রিম কোর্ট বলেন, বিদেশি শিক্ষাসংক্রান্ত জমা দেওয়া নথিগুলো নির্বাচনে অংশ নেওয়ার শর্ত পূরণ করে না। সমালোচকদের অভিযোগ, তিনি কখনো উচ্চমাধ্যমিকের সনদ অর্জন করেননি।
মঙ্গলবার প্রবোওর সঙ্গে বৈঠকে দীর্ঘ রাজনৈতিক বিতর্ক এড়াতে পদত্যাগের প্রস্তাব দেন জিবরান। এদিকে আট দলের ১২০ আইনপ্রণেতা তাকে অভিশংসনের প্রক্রিয়া শুরু করতে আবেদন জমা দিয়েছেন। সংবিধান অনুযায়ী পদটি শূন্য হলে নতুন নির্বাচন হবে না; ৬০ দিনের মধ্যে প্রেসিডেন্ট দুজন প্রার্থীর নাম দেবেন এবং পিপলস কনসালটেটিভ অ্যাসেম্বলি তাদের একজনকে বেছে নেবে।