পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং কোনো দেশের বিরুদ্ধে লক্ষ্য করে করা হয়নি। শুক্রবার মক্কায় তিন দেশের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়। দার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ অবস্থান জানান।
তার ভাষ্য অনুযায়ী, চুক্তির একমাত্র উদ্দেশ্য বৃহত্তর অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য চলমান যৌথ প্রচেষ্টাকে আরও শক্তিশালী করা। চুক্তির আওতায় তুরস্ক, সৌদি আরব বা পাকিস্তানের যেকোনো একটির ওপর হামলাকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। বাইরের কোনো সশস্ত্র হামলার ক্ষেত্রেও একই ব্যবস্থা প্রযোজ্য হবে।
দার বলেন, এ ব্যবস্থা জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদে স্বীকৃত ব্যক্তিগত ও সম্মিলিত আত্মরক্ষার অধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আঞ্চলিক দেশগুলো মৌলিক নীতি মেনে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও শান্তিপূর্ণ উপায়ে মতপার্থক্য নিরসনে আগ্রহী হলে চুক্তিতে যোগ দিতে পারবে। তিনি আরও বলেন, এটি তিন দেশের বিদ্যমান দ্বিপক্ষীয়, বহুপক্ষীয় বা আন্তর্জাতিক সংস্থার সঙ্গে করা চুক্তি বাতিল, প্রতিস্থাপন বা প্রভাবিত করবে না।