পেরুতে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার ফলে দেশটির একাধিক অঞ্চলে সতর্কতামূলক অ্যালার্ম বেজে ওঠে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা কম্পনের মাত্রা ৬ দশমিক ৭ জানালেও পেরুর জিওফিজিক্যাল ইনস্টিটিউটের হিসাবে তা ৭ দশমিক ২। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০৮ কিলোমিটার গভীরে।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পেরুর কর্তৃপক্ষ ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থাগুলোও বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির কথা জানায়নি। দক্ষিণ ও মধ্য পেরুর বিস্তীর্ণ এলাকায় কম্পন স্পষ্টভাবে অনুভূত হয়। ভূকম্পবিদদের মতে, গভীর উৎপত্তিস্থলের কারণে ভূপৃষ্ঠে পৌঁছানোর আগেই ভূমিকম্পের উল্লেখযোগ্য শক্তি শোষিত হয়েছে।
উপকেন্দ্রের কাছাকাছি এলাকায় মেরকেলি স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩ থেকে ৪, অর্থাৎ হালকা থেকে মাঝারি ঝাঁকুনি। পেরুর উত্তর ও দক্ষিণাঞ্চলে সম্প্রতি ধারাবাহিক ভূমিকম্পের ঘটনা ঘটছে। প্যাসিফিক রিং অব ফায়ারে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়। ২০০৭ সালে ইকা অঞ্চলে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে প্রায় ৬০০ মানুষ নিহত হন।