ভোলার চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আলোচনা সভায় বক্তারা বিজ্ঞানসম্মত গবাদিপশু পালন, উন্নত জাতের পশু উৎপাদন এবং খামারিদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতি শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে কর্মসূচিটি পালিত হয়।
বক্তারা বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়তে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা কাজে লাগানো জরুরি। তাদের মতে, খাতটির টেকসই উন্নয়ন বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করবে এবং সাধারণ মানুষের জন্য নিরাপদ প্রাণিজ আমিষের জোগান নিশ্চিত করতে সহায়তা করবে। খামারি পর্যায়ে আধুনিক প্রযুক্তি পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবার সমন্বিতভাবে কাজ করার তাগিদও দেওয়া হয়।
উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাস। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজন আলী এবং ভেটেরিনারি সার্জন লিখন কুমার শীল চলমান সেবা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। কর্মসূচির শুরুতে র্যালি বের হয় এবং শিক্ষার্থীদের মধ্যে ডিম ও দুধ বিতরণ করা হয়।