জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তার পর কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি মিলেছে। আট মাস পর মৌসুমের প্রথম জাহাজ এমভি বার আউলিয়া বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে ছেড়ে ৮৩৬ জন পর্যটক নিয়ে সেন্টমার্টিনে পৌঁছায়।
তিনটি প্রতিষ্ঠান অনুমতি পেলেও আগে থেকে টিকিট কেনা পর্যটকদের কথা বিবেচনায় প্রথম দিন শুধু এমভি বার আউলিয়া চলেছে। অনুমোদিত অন্য দুটি জাহাজ এমভি কর্ণফুলি এক্সপ্রেস ও এমভি টেকনাফ শুক্রবার থেকে পর্যটক বহন শুরু করবে। তিন জাহাজের সম্মিলিত যাত্রী ধারণক্ষমতা ২ হাজার ২৯৮ জন; আরও ছয়টি জাহাজের আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যটক পরিবহনের পাশাপাশি দ্বীপের পরিবেশ, প্রতিবেশগত ভারসাম্য, নিরাপত্তা এবং সরকারি বিধিনিষেধ মানার বিষয়টি গুরুত্ব পাবে। একমুখী ভাড়া ১ হাজার ৮০০ থেকে ৫ হাজার টাকা নির্ধারিত হয়েছে। ৫ নভেম্বর শুরু হওয়া জাহাজ চলাচল আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত চলবে এবং পুরো সময় পর্যটকেরা দ্বীপে রাতযাপন করতে পারবেন।