পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভিরের নেতৃত্বে হাজার হাজার চরমপন্থী ইসরায়েলি বসতি স্থাপনকারীর বেআইনি প্রবেশ, ধর্মীয় উসকানি ও তাণ্ডবের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ অবস্থান জানান।
তিনি বলেন, আল-আকসা বিশ্বের ২০০ কোটির বেশি মুসলিমের তৃতীয় পবিত্রতম স্থান ও ইমানের প্রতীক। আন্তর্জাতিক আইন ও ঐতিহাসিক স্থিতাবস্থা লঙ্ঘন করে উগ্র ডানপন্থী ইসরায়েলি মন্ত্রীর নেতৃত্বে বসতি স্থাপনকারীদের প্রাঙ্গণে প্রবেশ এবং ধর্মীয় উসকানিমূলক আচার পরিচালনাকে তিনি চরম অসভ্যতা ও আন্তর্জাতিক নিয়মনীতির প্রকাশ্য অবমাননা হিসেবে বর্ণনা করেন।
শফিকুর রহমানের মতে, ফিলিস্তিনি মুসলিমদের নামাজে বাধা, বৃদ্ধ ও তরুণদের ওপর নির্যাতন এবং প্রাঙ্গণের পবিত্রতা নষ্ট করে ইসরায়েল মধ্যপ্রাচ্যকে বড় সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। তিনি জাতিসংঘ, ওআইসি, শান্তিপ্রিয় বিশ্বসম্প্রদায় ও মুসলিম রাষ্ট্রপ্রধানদের কার্যকর আইনি ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের সংগ্রামে বাংলাদেশের জনগণের সমর্থন পুনর্ব্যক্ত করেন।