ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষের সুপারিশের ভিত্তিতে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বনির্ধারিত ১৫ ফেব্রুয়ারির পরীক্ষা এখন অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে। পবিত্র রমজান মাস উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে সাত কলেজের চলমান পরীক্ষাগুলোও সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হবে। এই নতুন সময়সূচি ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষ ও মাস্টার্স শেষ পর্বের পরীক্ষার জন্য প্রযোজ্য হবে।
এর আগে শিক্ষার্থীরা নির্বাচনের ছুটি শেষে রাজধানীতে ফিরে এসে নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশ নিতে অসুবিধার কথা জানিয়ে ১৫ ফেব্রুয়ারির পরীক্ষার তারিখ পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছিলেন। সাত কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেছা মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।