উত্তর প্রদেশের মন্ত্রী এবং সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির প্রধান ওম প্রকাশ রাজভর দাবি করেছেন, ভারতের এই রাজ্য শিগগির চারটি পৃথক রাজ্যে ভাগ হতে পারে। রোববার আম্বেদকর নগর জেলায় এক জনসভায় তিনি বলেন, জাতিভিত্তিক শুমারি শেষ হলে বিভাজনের প্রক্রিয়া শুরু করা হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে আশ্বস্ত করেছেন।
রাজভরের ভাষ্য, শুমারি সম্পন্ন হওয়ার পর রাজ্য ভাগের ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না। তার প্রস্তাবিত কাঠামোয় পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল বা মায়ান্যাঞ্চল, বুন্দেলখণ্ড এবং হাড়িত প্রদেশ নামে চারটি পৃথক রাজ্য গঠিত হবে। তিনি দাবি করেন, পূর্বাঞ্চলে রাজভর সম্প্রদায়ের ভোটার সবচেয়ে বেশি; তাই ওই রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রীও রাজভর সম্প্রদায়ের কেউ হবেন।
সামনে উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন থাকায় এই বক্তব্য পুরোনো রাজ্য বিভাজন বিতর্ককে আবার সামনে এনেছে। ৪০৩ আসনের রাজ্যটি পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল, বুন্দেলখণ্ড ও পূর্বাঞ্চল—এই চার বড় অঞ্চলে পরিচিত। ২০১১ সালে মায়াবতীর নেতৃত্বাধীন বিএসপি সরকার চার ভাগের প্রস্তাব বিধানসভায় পাস করলেও কেন্দ্রীয় অনুমোদন না পাওয়ায় তা বাস্তবায়িত হয়নি।