ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন আজ সোমবার বেলা সাড়ে ৩টায় শুরু হচ্ছে এবং আট কার্যদিবস চলার কথা রয়েছে। রোববার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত হয়। সংক্ষিপ্ত এই অধিবেশনে সংবিধান সংশোধন, জ্বালানির মূল্যবৃদ্ধি ও চলমান রাজনৈতিক ইস্যুতে উত্তাপ ছড়াতে পারে।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবিধানিক ক্ষমতাবলে গত ১৪ অক্টোবর অধিবেশন আহ্বান করেন। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ কমিটির সদস্যরা অংশ নেন।
চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, অধিবেশনের জন্য তিনটি অধ্যাদেশ ও একটি বিল সংসদে এসেছে; আরও দু-একটি বিল আসতে পারে। প্রথম বৈঠকে পাবলিক প্রকিউরমেন্ট, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপনবিষয়ক ২০২৬ সালের তিন অধ্যাদেশ উপস্থাপিত হবে। অধিবেশনের জন্য ৩,৭৫১টি প্রশ্ন, ৯২টি মনোযোগ আকর্ষণের নোটিস এবং ২৮১টি সিদ্ধান্ত-প্রস্তাবের নোটিস পাওয়া গেছে।