ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালিতে নির্ধারিত নৌপথ অনুসরণ না করায় চারটি জাহাজ দুর্ঘটনার শিকার হয়েছে। আইআরজিসির দাবি অনুযায়ী, দুটি জাহাজ অনিরাপদ রুটে প্রণালি ছাড়ার চেষ্টা করলে দুর্ঘটনায় পড়ে থেমে যায় এবং আরও দুটি জাহাজ ওই রুটে চলাচল অব্যাহত রাখতে অস্বীকৃতি জানায়। তবে ইরান এই দুর্ঘটনার প্রকৃতি সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
আইআরজিসি অভিযোগ করেছে, সংশ্লিষ্ট জাহাজগুলো তাদের নেভিগেশন ব্যবস্থা (এআইএস) বন্ধ করে দেয় এবং ইরানি কর্তৃপক্ষের সতর্কবার্তা উপেক্ষা করে। ইরান বলেছে, তেল, গ্যাস বা সার বহনকারী সব জাহাজকে অনুমতি নিয়ে নির্ধারিত নৌপথ ব্যবহার করতে হবে, অন্যথায় দুর্ঘটনার ঝুঁকি থাকবে। গত জুনের মাঝামাঝি ওয়াশিংটনের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পর থেকে তেহরান দাবি করছে, বৈশ্বিক জ্বালানি রপ্তানির এই গুরুত্বপূর্ণ জলপথে তাদের কর্তৃত্ব রয়েছে।
ইরানের নির্দেশনা অনুযায়ী, জাহাজগুলোকে ওমান উপকূলের পরিবর্তে ইরানের উপকূলঘেঁষা রুট ব্যবহার করতে হবে। তেহরান জানিয়েছে, নির্দেশনা অমান্য করা কয়েকটি জাহাজের বিরুদ্ধে তারা হামলা চালিয়েছে।