শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তবর্তী জেলাসহ ৩৫ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হচ্ছে। গোপালগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুরও এ মোতায়েনের আওতায় থাকবে। ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে শুক্রবারের সংবাদ সম্মেলনে জানান পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান।
দেশজুড়ে ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি দায়িত্ব পালন করবে। এর মধ্যে সীমান্তের আট কিলোমিটারের মধ্যে প্রায় ১ হাজার ৪২৫টি, ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে ১ হাজার ১১৯টি এবং দুর্গম ও দূরবর্তী এলাকায় ১৮৩টি মণ্ডপ রয়েছে। নিরাপত্তা কার্যক্রমে স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করা হবে।
মণ্ডপগুলো সরেজমিনে পরিদর্শন করে যাতায়াতের পথ, স্থানীয় পরিবেশ ও যোগাযোগব্যবস্থা বিবেচনায় নিরাপত্তা পরিকল্পনা করা হয়েছে। দুর্গম এলাকায় সহায়তা সহজ করতে প্রায় ২১টি বেজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। তথ্য বিনিময় ও পরিস্থিতি মূল্যায়নে ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপ এবং সদর দপ্তর ও মাঠপর্যায়ের মনিটরিং সেল ব্যবহার করা হবে। গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি ঠেকাতেও বিশেষ নজরদারি থাকবে।