ভোলার দৌলতখানে পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী ও কারবারির অভিযোগে রাজিব মাঝি (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। চরপাতা ভবনসংলগ্ন সড়ক থেকে তাকে আটক করা হয় বলে থানা সূত্র জানিয়েছে।
পুলিশের দাবি, রাজিব মাঝির কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি স্মার্টফোন এবং নিষিদ্ধ রুপালি রঙের একটি সুইজগিয়ার উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার চরপাতা ইউনিয়নের মৃত শাহজাহান মাঝির ছেলে।
থানা সূত্র অনুযায়ী, শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দৌলতখান থানার ওসি ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।