স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সতর্ক করেছেন যে জুলাই ও আগস্ট মাসে ডেঙ্গুর সংক্রমণ বাড়তে পারে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগে এক অনুষ্ঠানে তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে এবং সবাইকে সতর্ক থাকতে হবে।
মন্ত্রী জানান, থানা, উপজেলা ও জেলা পর্যায়ে ডেঙ্গু শনাক্তের জন্য এনএসওয়ান পরীক্ষার কিট পাঠানো হয়েছে। ঢাকা ও বড় শহরগুলোর হাসপাতালগুলো প্রস্তুত রাখা হয়েছে, রোগীর সংখ্যা বাড়লে সেগুলো চালু করা হবে। জনসচেতনতার ওপর গুরুত্ব দিয়ে তিনি ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে মসজিদের ইমামসহ সবাইকে পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
তিনি বলেন, শুধু চিকিৎসা নয়, মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাই ডেঙ্গু নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায়।