বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুরু হয়েছে। এই দফায় কলকাতার ভবানীপুর আসনে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ভারতীয় সময় সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়, তার আগে ভোর পাঁচটা থেকে প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে ভোটযন্ত্র পরীক্ষা করতে ‘মক পোলিং’ অনুষ্ঠিত হয়। এই দফায় রাজ্যের ১৪২টি আসনে ভোট হচ্ছে।
প্রথম দফার ভোট ২৩ এপ্রিল ১৫২টি আসনে অনুষ্ঠিত হয়েছিল। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া প্রথম দফার নির্বাচন মোটের উপর শান্তিপূর্ণ ছিল। নির্বাচন কমিশন জানিয়েছিল, প্রথম দফায় ৯৩.১৯ শতাংশ ভোট পড়েছে, যা নজিরবিহীন। রাজ্যের মোট ২৯৪টি আসনের ফল ঘোষণা হবে ৪ মে।
দ্বিতীয় ও শেষ দফার ভোটে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কমিশন সচেষ্ট রয়েছে। এই দফার ভোট গ্রহণে কী চিত্র উঠে আসে, তা নিয়ে নজর রয়েছে সবার।