সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শিশির মনির বলেছেন, সুনামগঞ্জের হাওরে প্রতিবছর শত শত কোটি টাকা ব্যয়ে অপরিকল্পিত বাঁধ নির্মাণ করা হচ্ছে, কিন্তু এসব বাঁধে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা রাখা হয় না। শুক্রবার সকালে শাল্লার ছায়ার হাওরে দাঁড়িয়ে ফেসবুক লাইভে তিনি বলেন, খাল-বিল খনন না করায় পানি জমে থাকে, তাই দ্রুত হাওরের খাল, নদী ও বিল খনন করা জরুরি।
তিনি জানান, সুনামগঞ্জে বৃষ্টির পানিতে বোরো ধান তলিয়ে গেছে এবং ধানে পচন ধরেছে। এতে কৃষকরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন এবং এলাকায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। মানুষ এখন নিজেদের ও গবাদিপশুর খাদ্য নিয়ে দুশ্চিন্তায় আছেন।
শিশির মনির সরকারের প্রতি আহ্বান জানান, সুনামগঞ্জকে পরিবেশগত দুর্গত এলাকা ঘোষণা করে কৃষকদের পাশে দাঁড়াতে। তিনি বলেন, সরকার তিন মাসের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে, তবে কতজন এই সহায়তা পাবেন তা অনিশ্চিত।