জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা বৃহস্পতিবার বিকেল ৫টায় ফেনীর সোনাগাজী উপজেলা চত্বর থেকে দলের দক্ষিণাঞ্চলীয় জুলাই পদযাত্রার উদ্বোধন করবেন। ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শিরোনামের এই কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এমপি, কেন্দ্রীয় মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঞা, যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল আমিন এমপি, সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন সজীব ও ছাত্রবিষয়ক সম্পাদক আলী আহসান জুনায়েদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত থাকবেন।
এনসিপির ফেনী জেলা সদস্যসচিব শাহ ওয়ালিউল্লাহ মানিক জানান, ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং গণতান্ত্রিক মূল্যবোধকে স্মরণ করতে মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এতে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পদযাত্রা, শহীদদের স্মরণ, গণসংযোগ ও ক্রীড়া প্রতিযোগিতা অন্তর্ভুক্ত থাকবে।
জুলাই মাসজুড়ে এনসিপি গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সীমান্ত সুরক্ষার দাবিতে জনগণকে সচেতন করতে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করবে।