রোহিঙ্গা গণহত্যা মামলায় নৃশংসতার অভিযোগ তদন্তে মিয়ানমার অসহযোগিতা করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগের পিস প্যালেসে স্থানীয় সময় সকাল ১০টায় ১৫ বিচারকের বেঞ্চের পক্ষে রায় পাঠ শুরু করেন আইসিজে সভাপতি বিচারপতি ইওয়াসাওয়া ইউজি।
বিচারপতি ইউজি বলেন, অভিযোগগুলো আন্তরিকভাবে তদন্তে মিয়ানমারের ব্যর্থতা এবং তথ্য সংগ্রহে প্রয়োজনীয় প্রমাণ ও সাক্ষীদের কাছে পৌঁছানোর সুযোগ না দেওয়ার বিষয়টি আদালত বিবেচনায় নিয়েছে। গণহত্যাসংক্রান্ত আগের মামলাগুলোর তুলনামূলক নজিরভিত্তিক বিচারিক সিদ্ধান্ত না থাকায় তথ্য-উপাত্ত যাচাইয়ে আদালতকে নিজস্ব মূল্যায়নের ওপর নির্ভর করতে হচ্ছে বলেও তিনি জানান।
ঘটনার প্রকৃত সত্য নির্ধারণে আদালত কেবল পক্ষগুলোর উপস্থাপিত প্রমাণের ওপর নির্ভর করতে পারে বলে জানান ইউজি। সাক্ষ্যের ধরন, সাক্ষ্য দেওয়ার পরিস্থিতি ও প্রতিশোধের আশঙ্কা বিবেচনায় রেখে আদালত জবানবন্দি পর্যালোচনা করবে। মৌখিক শুনানিতে ২০১৭ সালের আগস্টের শেষ সপ্তাহে সহিংসতার শিকার চার সাক্ষীর বক্তব্য শোনা হয়েছে এবং নির্দিষ্ট ঘটনা নিয়ে তাদের বর্ণনাকে বিশ্বাসযোগ্য মনে করেছে আদালত।