নাটোরের লালপুর উপজেলার মঞ্জিলপুকুর এলাকায় অবৈধ ও অনিয়মতান্ত্রিকভাবে পরিচালিত সাতটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিচালিত অভিযানে দুটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয় এবং পাঁচ ভাটামালিককে পৃথকভাবে ৬ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট রেজওয়ান উল ইসলামের নেতৃত্বে অধিদপ্তরের ঢাকার এনফোর্সমেন্ট টিম এ অভিযান চালায়। এ সময় পরিবেশ অধিদপ্তর নাটোরের সহকারী পরিচালক হাবিবুল বাশার উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিবেশদূষণ রোধ এবং অবৈধভাবে পরিচালিত ইটভাটার কার্যক্রম বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে কবির হোসেন ও রফিকুল ইসলাম রফিকের ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়। বিধিবহির্ভূতভাবে ইটভাটা পরিচালনার দায়ে আবুল কালাম আজাদ, জহির উদ্দিন, নিপুল, হাফিজুর রহমান ও শওকত আলীকে পৃথকভাবে ৬ লাখ টাকা করে জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তর নাটোরের পরিদর্শক বোরহান উদ্দিন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।