বিএনপির সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ অভিযোগ করেছেন যে ইউনূস সরকারের সময় ‘মব কালচারের’ নেতৃত্বে ছিল জামায়াতে ইসলামী। বুধবার রাতে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে তিনি এ মন্তব্য করেন। হারুনুর রশীদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে নির্বাচন দীর্ঘায়িত করার পরিকল্পনা করেছিল, তখন দেশে আইনের শাসন ছিল না এবং পুলিশ প্রশাসন মাঠে কাজ করতে ভয় পেত।
তিনি আরও বলেন, এই পরিস্থিতির নেতৃত্বে ছিল জামায়াতে ইসলামী। চাঁপাইনবাবগঞ্জের নির্বাচনি ইতিহাস তুলে ধরে তিনি জানান, গত ৫০ বছরে জামায়াত সেখানে কোনো আসন না পেলেও এবার তিনটি আসন পেয়েছে। এ প্রসঙ্গে তিনি আওয়ামী লীগ ও জামায়াতের মধ্যে ‘অভ্যন্তরীণ আঁতাতের’ ইঙ্গিত দেন।
হারুনুর রশীদ বলেন, একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হলে সরকারি দলকে সমালোচনার জবাব দিতে হবে এবং ধৈর্য ধরতে হবে। তিনি আরও উল্লেখ করেন, দ্রুত নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ত।