নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় অবৈধভাবে পেট্রোল মজুদ ও লাইসেন্স ছাড়া অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় আশুজিয়া ইউনিয়নের রামপুর বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দোকানির কাছ থেকে ছয়টি ড্রামে সংরক্ষিত প্রায় ৮০০ লিটার পেট্রোল জব্দ করা হয়, যার মধ্যে তিনটি পূর্ণ ও তিনটি আংশিক খালি ছিল।
পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা—মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জব্দকৃত পেট্রোল শনিবার (২৮ মার্চ) সকাল ১০টায় রামপুর বাজারে সরকার নির্ধারিত মূল্যে জনসাধারণের মাঝে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।