সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়নের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ১৩ মে জারি করা অফিস আদেশে বলা হয়, বিভিন্ন বিদ্যালয়ে পচা বনরুটি, নষ্ট ডিম ও নিম্নমানের কলা বিতরণের অভিযোগ পাওয়া গেছে, যা শিশুদের স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে এবং প্রকল্পের উদ্দেশ্য ব্যাহত করছে। শনিবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিম্নমানের বা পচা খাবার বিতরণের অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় মামলা ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নির্দেশনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সরবরাহকৃত খাবারের মান ও পরিমাণ যাচাই করে গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। খাবার গ্রহণ ও বিতরণের আগে সরবরাহকারী প্রতিষ্ঠানের দেওয়া খাদ্য নির্ধারিত মান অনুযায়ী আছে কি না তা নিশ্চিত করতে বলা হয়েছে। বনরুটি, ডিম, কলা, ইউএইচটি মিল্ক ও ফর্টিফায়েড বিস্কুটের ক্ষেত্রে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, প্যাকেটের অক্ষত অবস্থা ও নেট ওজন যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, নিম্নমানের বা ত্রুটিপূর্ণ খাবার কোনো অবস্থাতেই গ্রহণ করা যাবে না। গাফিলতি বা অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং সরবরাহকারী প্রতিষ্ঠানের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে অবহিত করতে হবে।