ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বিশ্বরোড গোলচত্বরের এক্সপ্রেসওয়েতে সোমবার রাত সাড়ে সাতটার দিকে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। চার বন্ধু একই লেনে মোটরসাইকেল প্রতিযোগিতা করছিলেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. জিনিয়া রহমান জানান।
নিহতরা হলেন ভাঙ্গা পৌরসভার হাজরাটি গ্রামের দুলাল মিয়ার ছেলে এজাজুল এবং পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার জিয়াখুলি গ্রামের শাহাদাত সরকারের ছেলে স্বাধিন। আহতরা হলেন জিয়াখুলি গ্রামের রহমান মাতুব্বরের ছেলে নাসিম মাতুব্বর এবং ভাঙ্গা উপজেলার পৌরসদরের ভারইডাঙ্গা গ্রামের শওকত আলীর ছেলে রাজন।
স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, চার বন্ধু আগে থেকে পরিকল্পনা করে দুইটি পৃথক মোটরসাইকেলে এক্সপ্রেসওয়েতে আসেন এবং কিছু সময় সেখানে অবস্থান করেন। পরে দ্রুতগতিতে রেস করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেল দুটি মুখোমুখি সংঘর্ষে জড়ায়। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি তৌহিদ আহমেদ বলেন, বেপরোয়া গতিতে চালানোর সময় এ দুর্ঘটনা ঘটে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।