অনুমতি ছাড়া বিদেশে অবস্থান এবং ছুটির মেয়াদ শেষের পর কর্মস্থলে যোগ না দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় চার শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। ২৩ নভেম্বর সোমবার অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় সাবেক উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল ও আইন বিভাগের প্রভাষক শাহরিমা তানজিন অর্নিকে সাত দিনের মধ্যে রেজিস্ট্রার দপ্তরে সশরীরে উপস্থিত হয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যার নির্দেশ দেওয়া হয়। অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মুশফিকুর রহমান ও আইন বিভাগের প্রভাষক আজহার উদ্দিন ভূঁইয়াকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
অভিযোগ তদন্তে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালামের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়। সিন্ডিকেট সূত্র অনুযায়ী, নোটিশ পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে মাকসুদ কামাল ও শাহরিমা তানজিন অর্নিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সামনে হাজির হতে হবে। নির্ধারিত সময়ে উপস্থিত না হলে চাকরি বিধিমালা অনুযায়ী পরবর্তী আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় সূত্র বলেছে, এক বছরের শিক্ষা ছুটি শেষে কর্মস্থলে যোগ না দিয়ে বিদেশে রয়েছেন মাকসুদ কামাল। ছুটির মেয়াদ শেষ হলেও দেশে ফেরেননি আইন বিভাগের শিক্ষক দম্পতি আজহার উদ্দিন ভূঁইয়া ও শাহরিমা তানজিন অর্নি। স্বল্পমেয়াদি ছুটিতে বিদেশে গিয়ে নির্ধারিত সময়ে না ফেরার অভিযোগ রয়েছে মুশফিকুর রহমানের বিরুদ্ধেও। তদন্ত প্রতিবেদন অনুযায়ী সাময়িক বহিষ্কৃত দুজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।