বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরী গাজার যুদ্ধাহত ও চিকিৎসাবঞ্চিত শিশুদের জন্য এক লাখ পাউন্ডের বেশি, অর্থাৎ প্রায় এক কোটি ৬৫ লাখ টাকা তহবিল সংগ্রহ করেছেন। যুক্তরাজ্যের নজুম স্পোর্টসের সঙ্গে যৌথভাবে আয়োজিত দাতব্য অনুষ্ঠান থেকে এই অর্থ ওঠে। গত রোববার স্থানীয় সময় যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস টাউন হলে অনুষ্ঠানটি হয়। শেফিল্ড ইউনাইটেডের বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ইনস্টাগ্রাম পোস্টে তহবিল সংগ্রহের তথ্য নিশ্চিত করেন।
অনুষ্ঠানে হামজাকে নিয়ে বিশেষ আলোচনা সভার পাশাপাশি মুসলিম অ্যাথলেটদের স্বাক্ষরিত জার্সি, পদক ও বিভিন্ন স্মারকের দাতব্য নিলাম হয়। নিলামের প্রধান আকর্ষণের মধ্যে ছিল লেস্টার সিটির হয়ে হামজার জেতা ট্রফি ও স্মারক। তার এফএ কাপজয়ী জার্সি সাত হাজার পাউন্ডে এবং কমিউনিটি শিল্ডজয়ী পদক তিন হাজার পাউন্ডে বিক্রি হয়। ২০২০ সালে প্রতিষ্ঠিত অলাভজনক নজুম স্পোর্টস পেশাদার ক্রীড়াঙ্গনে মুসলিম অ্যাথলেটদের সহায়তা ও ক্ষমতায়নে কাজ করে।
টিকিট বিক্রি ও নিলাম থেকে পাওয়া পুরো অর্থ ‘চিলড্রেন নট নাম্বারস’ সংস্থাকে দেওয়া হয়েছে। হামজা জানান, এই অর্থ গাজার শিশুদের জীবন রক্ষাকারী জরুরি চিকিৎসা এবং যাদের প্রয়োজন তাদের চিকিৎসার জন্য নিরাপদ স্থানে স্থানান্তরে ব্যয় হবে। তিনি বলেন, বিশাল দুর্ভোগের তুলনায় এটি সামান্য অবদান হলেও প্রতিটি চেষ্টা পার্থক্য গড়তে পারে। আগামী ৯ নভেম্বর তিনি বাংলাদেশ দলে যোগ দিতে পারেন এবং ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলার সম্ভাবনা রয়েছে।