এবারের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া চার শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর উত্তর শাখা। মঙ্গলবার সকালে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেন, তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে কল্যাণমুখী, ন্যায়ভিত্তিক ও ইনসাফের বাংলাদেশ গড়তে চান তারা। তিনি মেধাবী, সাহসী ও স্বপ্নবান শিক্ষার্থীদের মেধা, তারুণ্য ও উদ্যম নতুন বাংলাদেশ গড়ার কাজে ব্যবহারের আহ্বান জানান। তিনি বলেন, সফলতার জন্য অধ্যবসায় প্রয়োজন এবং অন্যের ভালো অবস্থান দেখে হতাশ হওয়া উচিত নয়।
কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম শিক্ষার্থীদের সাফল্যে অহংকারী না হয়ে বিনয়ী থাকা এবং বাবা-মা, শিক্ষক ও সমাজের প্রতি দায়িত্ব মনে রাখার পরামর্শ দেন। কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, নিজ নিজ ক্ষেত্রে সর্বোচ্চ দক্ষ ও যোগ্য হতে শিক্ষার্থীদের উৎসাহিত করে ছাত্রশিবির। ঢাকা মহানগর উত্তর সভাপতি সাইফুল ইসলাম সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য মো. সাইফুল আলম খান মিলন উপস্থিত ছিলেন।