জুলাই গণহত্যার দ্রুত বিচার এবং আওয়ামী লীগের সহিংসতা বন্ধ করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শনিবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করেছে পাঁচটি রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, অল্টারনেটিভস, বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন ও নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন অংশ নেয়। সংগঠনগুলোর কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।
এনপিএর সংগঠক অনিক রায় বলেন, জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে পারবে না; তাদের ক্ষমা চেয়ে আত্মসমর্পণ ও বিচারের মুখোমুখি হতে হবে। রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম বলেন, লুটতরাজ ও শোষণের সঙ্গে যুক্ত শক্তির সঙ্গে এসব দল আপস করবে না। তবে কোনো আসামির বাড়িঘর ভাঙচুর করা উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর হত্যাযজ্ঞে জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত এবং ১৩ হাজারের বেশি আহত হওয়ার কথা বলা হয়েছে। তারা টুঙ্গিপাড়া ও মুকসুদপুরে দুটি থানায় অগ্নিসংযোগ, জনপ্রতিনিধিদের বাড়িতে হামলা, মহাসড়ক ও রেল চলাচল বন্ধ এবং প্রাণহানির ঘটনায় উদ্বেগ জানায়। তাদের দাবি, এসব ঘটনা বিচার এড়ানো ও দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে ঘটানো হচ্ছে।