পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বিভিন্ন পশুর হাটে দেশি গরুর আধিক্য দেখা যাচ্ছে। কুষ্টিয়া, রাজশাহী, ঝিনাইদহ, পাবনা ও চুয়াডাঙ্গাসহ বিভিন্ন জেলা থেকে খামারি ও ব্যবসায়ীরা গরু, ছাগল ও মহিষ নিয়ে এসেছেন। সরেজমিন দেখা গেছে, এ বছর ভারতীয় গরুর সংখ্যা তুলনামূলক কম। ব্যবসায়ীরা জানিয়েছেন, গত কয়েক দিন ক্রেতা উপস্থিতি কম থাকলেও সোমবার থেকে সরকারি-বেসরকারি অফিস বন্ধ হওয়ায় কেনাবেচা জমে উঠবে বলে আশা করছেন তারা।
উত্তরার দিয়াবাড়ি ও গাবতলীসহ বড় হাটগুলোতে হাজার হাজার দেশি গরু এসেছে। কুষ্টিয়ার জিয়াউর রহমান ও রাজশাহীর আনোয়ার মোল্লাসহ অনেক খামারি বিক্রির আশায় অপেক্ষায় আছেন। কিছু ব্যবসায়ী ইতিমধ্যে সামান্য লাভে গরু বিক্রি করেছেন। ক্রেতারা জানিয়েছেন, গত বছরের তুলনায় দাম কিছুটা বেশি, জনপ্রিয় গরুগুলোর দাম এক লাখ থেকে আড়াই লাখ টাকার মধ্যে।
ব্রাহামা জাতের ‘সুলতান ভাই’ ৮.৫ লাখ টাকায় বিক্রি হয়েছে, আর বরিশালের বিশাল ‘বাদশাহ’ ও ‘কালা মানিক’ ক্রেতাদের আকর্ষণ করছে। তবে বিকেলের বৃষ্টিতে হাটে কাদা জমে ক্রেতাশূন্য হয়ে পড়ে।