জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, প্রশাসনের আন্তরিক দায়িত্ব পালনের মাধ্যমেই দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব। বৃহস্পতিবার বরগুনা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সরকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে আর সরকারি কর্মকর্তারা তা বাস্তবায়ন করেন। সরকারের নীতি ও পরিকল্পনা বাস্তবায়নে কর্মকর্তাদের কার্যকর ও জবাবদিহিমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
চিফ হুইপ যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরের উদাহরণ টেনে বলেন, রাজনৈতিক ঐকমত্য ও প্রশাসনিক সমন্বয় উন্নয়নের গতি বাড়ায়। তিনি উপকূলীয় জেলার উন্নয়নের জন্য পৃথক মন্ত্রণালয় বা বিশেষ উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব দেন এবং অর্থনৈতিক অঞ্চল, বায়ুবিদ্যুৎ, পর্যটন, গভীর সমুদ্রবন্দর, মৎস্য ও জাহাজ নির্মাণ শিল্পে সম্ভাবনার কথা তুলে ধরেন। উপকূলীয় উন্নয়নে যে কেউ কাজ করলে তার পাশে থাকার আশ্বাসও দেন।
সভায় তিনি মাদক, অ্যাসিড নিক্ষেপ ও চোরাচালান প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এবং সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির কথা উল্লেখ করেন। পরে তিনি কৃষি ও প্রযুক্তি মেলা–২০২৬ উদ্বোধন করেন।