শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মালয়েশিয়ার নিয়োগদাতাদের নির্দিষ্ট চাহিদা অনুযায়ী প্রশিক্ষিত শ্রমিক পাঠানোর ওপর বাংলাদেশ গুরুত্ব দেবে। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, বিভিন্ন চাহিদার ভিত্তিতে বোয়েসেল ও অন্যান্য রিক্রুটিং এজেন্সির মাধ্যমে শ্রমিক পাঠানো হবে।
মন্ত্রী বলেন, শুধু শ্রমিক পাঠালেই হবে না; মালয়েশিয়ার নিয়োগদাতাদের চাহিদামাফিক দক্ষ শ্রমিক পাঠাতে হবে। প্রশিক্ষণ ছাড়া পাঠানো হলে শ্রমিকেরা দেশটিতে গিয়ে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে পারেন। এ কারণে আগে শ্রমিকের চাহিদা নির্ধারণ করে সেই অনুযায়ী প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, আগে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের অভিযোগ ও শ্রমিক হয়রানির বিষয় সামনে এসেছিল। এবার এমন পরিস্থিতি এড়াতে সরকার সতর্ক রয়েছে। মালয়েশিয়ার নিয়োগদাতারা বাংলাদেশে এসে নিজেদের চাহিদা অনুযায়ী শ্রমিক বাছাই করবেন। বোয়েসেলের পাশাপাশি অনুমোদিত অন্যান্য রিক্রুটিং এজেন্সিও যুক্ত হবে, তবে আগে সংশ্লিষ্ট প্রক্রিয়া চূড়ান্ত করতে হবে। মেডিকেল পরীক্ষা-সংক্রান্ত প্রক্রিয়া এখনো অনুমোদিত হয়নি; মালয়েশিয়া চাহিদা ও অন্যান্য বিষয় নিশ্চিত করলে পরবর্তী কার্যক্রম শুরু হবে।