বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপিই একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি। শুক্রবার (২৩ জানুয়ারি) নির্বাচনি প্রচারের দ্বিতীয় দিনে কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর এলাকায় গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, কেউ ভারতের পক্ষে অবস্থান নিয়ে ভারতে পালিয়েছে, আবার কেউ বিদেশিদের গোলামি করে বিভ্রান্তিকর রাজনীতি করছে। দেশে যেন আর কোনোদিন ফ্যাসিবাদ ফিরে না আসে, সে ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, অগণতান্ত্রিক শক্তির উত্থান হলে সবার একই পরিণতি হবে। তিনি দাবি করেন, বিএনপি আজীবন দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে এবং শহিদদের প্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে স্বাধীনভাবে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
সারাদিন তিনি সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ ও পথসভা করেন। এ সময় তিনি লবণ চাষীদের সঙ্গে সেলফি তোলেন এবং শিশু-কিশোরদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন।