বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমান শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন, তবে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। বৃহস্পতিবারের নির্বাচনের দিন যেখানে কার্যালয়টি ছিল নেতাকর্মীতে ভরপুর, আজ সেখানে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। বিবিসি সংবাদদাতা জানিয়েছেন, সেখানে কেবল অল্প কয়েকজন কর্মী ও সাংবাদিক উপস্থিত ছিলেন।
নির্বাচনের সময় জামায়াতের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল তারা সরকার গঠন করতে যাচ্ছে। কিন্তু এখন স্পষ্ট হয়েছে যে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করছে। সরকার গঠনের আশা পূরণ না হলেও জামায়াত এবার তাদের ইতিহাসে সর্বাধিক আসন পেতে যাচ্ছে বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর জামায়াত নেতারা বৈঠক করবেন এবং এরপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন।