ময়মনসিংহের তারাকান্দায় কলেজছাত্র শাহীনুর আলম ওরফে ইকবাল হত্যা মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে জেলা ও দায়রা জজ মো. জাকির হোসেন এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে দুই নারী আসামি খালেদা আক্তার ও রেহেনা খাতুনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড, ২৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, রুমডো পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ইকবাল ২০২১ সালের ৩১ মে রাতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন। পাঁচ দিন পর তার গ্রামের একটি সেপটিক ট্যাংক থেকে গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের ভাই সেলিম মিয়া ৬ জুন একই গ্রামের আসিফ রানা নাঈমসহ কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় জমি-সংক্রান্ত বিরোধকে হত্যার কারণ হিসেবে উল্লেখ করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল জানান, ২৪ জন সাক্ষীর সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে আদালত রায় দেন। রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন নিহতের পরিবার।