সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতা কাঠামো ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’-এর গেজেট প্রকাশ করা হয়েছে। গেজেটটি গত বৃহস্পতিবার জারির পর শনিবার অর্থ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। নবম পে স্কেল ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর বলে গণ্য হবে। তবে নতুন মূল বেতনের পুরোটা একবারে নয়, ধাপে ধাপে দেওয়া হবে এবং জুলাই থেকে গেজেট জারি পর্যন্ত সময়ের প্রাপ্য অর্থ বকেয়া হিসেবে মিলবে।
১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত গ্রেড ১ থেকে ৯-এর কর্মচারীরা বর্ধিত বেতনের ৪০ শতাংশ এবং গ্রেড ১০ থেকে ২০-এর কর্মচারীরা ৫০ শতাংশ পাবেন। ২০২৭ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এ হার যথাক্রমে ৭০ ও ৭৫ শতাংশ হবে। ১ জুলাই ২০২৭ থেকে বার্ষিক বেতনবৃদ্ধিসহ নতুন মূল বেতনের শতভাগ কার্যকর হবে।
গ্রেড-১-এর মূল বেতন ৭৮ হাজার থেকে ১ লাখ ৫৬ হাজার টাকা এবং গ্রেড-২০-এর বেতন ৮,২৫০ থেকে ২০ হাজার টাকা হয়েছে। ভাতার বিদ্যমান হার ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত বহাল থাকবে; নতুন হার কার্যকর হবে ১ জানুয়ারি ২০২৮ থেকে। সরকারি চাকরিজীবীদের আগের বিশেষ সুবিধা বিলুপ্ত হবে এবং পাওয়া অর্থ প্রাপ্য বকেয়ার সঙ্গে সমন্বয় করা হবে।