ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের খাসের হাট বাজারসংলগ্ন একটি কলেজ সাড়ে চার শতাধিক শিক্ষার্থীর যাতায়াত সহজ ও নিরাপদ করতে নিজস্ব বাস সার্ভিস চালু করেছে। ২০১৩ সালে প্রতিষ্ঠিত কলেজটি প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণে সহায়তার লক্ষ্যেই এ উদ্যোগ নিয়েছে।
দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের এতদিন ভাড়ার অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের ওপর নির্ভর করতে হতো। যানবাহন না পাওয়ায় অনেক সময় তাদের ক্লাসে পৌঁছাতে দেরি হতো। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী শ্রাবন্তি ও ইকরাসহ একাধিক শিক্ষার্থী জানান, নতুন বাস চালু হওয়ায় সময়মতো কলেজে আসা এবং নিরাপদে বাড়ি ফেরা সহজ হবে।
প্রভাষক মিজানুর রহমান ও খালেদ সাইফুল্যাহ বলেন, সার্ভিসটি যাতায়াতের দীর্ঘদিনের কষ্ট কমিয়ে উপস্থিতি বাড়াতে এবং উচ্চশিক্ষায় আগ্রহ সৃষ্টি করতে পারে। অধ্যক্ষ মো. মুঈনুদ্দীন হাওলাদার জানান, মোহাম্মদ শাহে আলম ফাউন্ডেশনের দেওয়া বাসটি শিক্ষার্থীদের যাত্রাক্লান্তি কমিয়ে পড়াশোনায় মনোযোগের সুযোগ দেবে।