দেশে ক্যানসারকে ক্রমবর্ধমান জনস্বাস্থ্য সমস্যা উল্লেখ করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ এফ এম সিদ্দিকী সমন্বিত ও টেকসই চিকিৎসাব্যবস্থা গড়ার আহ্বান জানিয়েছেন। বুধবার বিএমইউর মিল্টন হলে বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আন্তর্জাতিক মানের স্টেট অব দ্য আর্ট ক্যানসার ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও বলেন।
বিএমইউ, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আন্তর্জাতিক ক্যানসার গবেষণা সংস্থার যৌথ উদ্যোগে ইমপ্যাক্ট রিভিউ মিশন সভাটি অনুষ্ঠিত হয়। এর উদ্দেশ্য ছিল ক্যানসার প্রতিরোধ, স্ক্রিনিং, প্রাথমিক রোগ নির্ণয়, আধুনিক চিকিৎসা, শিক্ষা ও গবেষণার বিদ্যমান সক্ষমতা মূল্যায়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন।
উপাচার্য বলেন, প্রস্তাবিত ইনস্টিটিউটে আধুনিক রেডিওথেরাপি, সার্জারি, সিস্টেমিক থেরাপি, প্রশমনসেবা, উচ্চতর চিকিৎসাশিক্ষা ও গবেষণা সমন্বিত করা হবে। তিনি সক্ষমতা মূল্যায়ন, অবকাঠামো ও দক্ষ জনবলের ঘাটতি চিহ্নিতকরণ, বহুবিভাগীয় সেবা শক্তিশালীকরণ, জাতীয় নির্দেশিকা উন্নয়ন এবং সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব দেন। সভার সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন অবকাঠামোগত ঘাটতি পূরণ, রেডিওথেরাপির আধুনিকায়ন ও বহুবিভাগীয় চিকিৎসাব্যবস্থা জোরদারের তাগিদ দেন।