জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সরকারকে আহ্বান জানিয়েছেন জ্বালানি সংকট মোকাবিলায় স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করতে এবং বাফার স্টক গড়ে তুলতে। শনিবার সকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনের থ্রিডি হলে এগ্রিকালিচারিস্টস ফোরাম অব বাংলাদেশের আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জ্বালানি নিরাপত্তার জন্য ন্যূনতম ৬০ থেকে ৯০ দিনের মজুত রাখতে হবে। তিনি সিন্ডিকেট ভেঙে বিকল্প জ্বালানি উৎপাদনের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কৌশল গ্রহণের আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, সরকার দেশের নিজস্ব সম্পদ ও প্রতিষ্ঠান যেমন বাপেক্সকে যথাযথভাবে ব্যবহার করতে পারছে না। তিনি বলেন, জ্বালানি খাতে অদক্ষতা ও দুর্নীতি কৃষি ও শিল্প উভয় ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব ফেলছে। কৃষকরা সেচের জন্য জ্বালানি সংগ্রহে ভোগান্তিতে পড়ছেন, যা ধান উৎপাদনে প্রভাব ফেলতে পারে।
অধ্যাপক ড. এ টি এম মাহবুব ই ইলাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে কৃষিবিদ মো. মিজানুর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ডা. শফিকুর রহমান জাতীয় সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।