মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের ওপর আরোপিত নৌঅবরোধের প্রথম ৪৮ ঘণ্টায় ইরানি বন্দর থেকে বের হওয়ার চেষ্টা করা ১০টি জাহাজকে ফেরত পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায়, সোমবার থেকে শুরু হওয়া অবরোধে এখন পর্যন্ত কোনো জাহাজই তা ভাঙতে পারেনি। প্রথমে নয়টি জাহাজ ফেরানোর কথা জানালেও পরে সেন্টকম জানায়, একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারের মাধ্যমে দশম জাহাজটিকেও ফিরিয়ে দেওয়া হয়েছে।
তবে সামুদ্রিক ট্র্যাকিং উপাত্তে ভিন্ন চিত্র দেখা গেছে। মঙ্গলবারের তথ্য অনুযায়ী, ইরানি বন্দর থেকে ছেড়ে আসা অন্তত তিনটি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে, যদিও কিছু জাহাজ পরে ফিরে গেছে। সামুদ্রিক তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান কেপলার জানায়, ওয়াশিংটনের অবরোধ কার্যকর হওয়ার পর ইরানের সঙ্গে সংশ্লিষ্ট সাতটি জাহাজের মধ্যে ওই তিনটি প্রণালী অতিক্রম করেছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলার পর তেহরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় গত রোববার যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোতে অবরোধ ঘোষণা করে।