এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে স্কেলের আওতায় আনতে উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন রোববার তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, খুব শিগগিরই তাঁদের নতুন বেতনকাঠামোর অন্তর্ভুক্ত করা হবে। তবে এটি কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো সময় জানাননি।
শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা, সুযোগ-সুবিধা বাড়ানো এবং দীর্ঘদিনের দাবি বিবেচনায় নিয়েই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। মন্ত্রীর ঘোষণায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে আশা তৈরি হলেও বর্ধিত বেতন কবে থেকে পাওয়া যাবে, তা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।
দেশে বর্তমানে ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত। তাঁদের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে প্রায় চার লাখ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে পৌনে দুই লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ২৩ হাজারের বেশি রয়েছেন। নতুন কাঠামো কার্যকর হলে মূল বেতন ও বাড়িভাড়া বাড়বে এবং প্রত্যেকে নিজ নিজ চাকরির গ্রেড অনুযায়ী বেতন পাবেন।