বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কেএম তাহসিফ সাউরি হত্যা মামলার তদন্তে আরও তিনজনের সম্ভাব্য সম্পৃক্ততার তথ্য পেয়েছেন তদন্তকারীরা। রিমান্ডে থাকা তাহসিফের ঘনিষ্ঠ আহমেদ শাহরিয়ার রেজা দীপ ও জেরিকা তাসনিম দিশাকে জিজ্ঞাসাবাদে তাদের নাম পাওয়া যায় বলে সূত্র জানিয়েছে। নৌপুলিশের এক কর্মকর্তা বলেন, তদন্তে দিশার বক্তব্য এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সোমবার দীপ ও দিশাকে মুখোমুখি এবং আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের জেরায় অন্তত আরও তিনজনের নাম এসেছে, যাদের মধ্যে একটি দম্পতি ও আরেক নারী রয়েছেন; তবে তদন্তকারীরা নাম প্রকাশ করেননি। সিসিটিভি ফুটেজে নিখোঁজ হওয়ার রাতে উত্তরার একটি বারে তাহসিফ, দীপ ও দিশার একসঙ্গে থাকার তথ্য মিলেছে।
এরপর তাদের গতিপথ টঙ্গীর তুরাগ নদের তীরে গিয়ে শেষ হলেও সেখানে কী ঘটেছিল এবং তাহসিফ কীভাবে মারা যান, তা এখনো স্পষ্ট নয়। তাহসিফের বাবা এনায়েতুল করিম দিশাকে সন্দেহজনক বলেছেন। অন্যদিকে দিশার স্বজনদের ভাষ্য, ২৮ মে পরিচয়ের পর তাহসিফ ও দিশার মধ্যে সম্পর্ক তৈরি হয়। তাহসিফ উত্তরার বাসা থেকে বের হওয়ার পরদিন বিকালে টঙ্গীর রাজবাড়ী ঘাট এলাকা থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে নৌপুলিশ।