সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির সহ-সভাপতি এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনী নিরস্ত্র মানুষের ওপর হামলা চালালে আওয়ামী লীগের কোনো নেতাকে নেতৃত্ব দিতে দেখা যায়নি। তিনি দাবি করেন, কেউ আন্ডারগ্রাউন্ডে চলে যান, কেউ ভারতে পালিয়ে যান, আবার কেউ পাকিস্তানি বাহিনীর হাতে ধরা দেন। সেই সময় মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন।
শনিবার (৩০ মে) পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলতাফ চৌধুরী জানান, জিয়াউর রহমান ১৯৭৮ সালের ফেব্রুয়ারিতে ‘জাগো দল’ এবং একই বছরের সেপ্টেম্বরে বিএনপি গঠন করেন। তার মতে, বিএনপি একটি ঐতিহাসিক দল, যাকে ভাঙার বহু চেষ্টা ব্যর্থ হয়েছে।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, সার্কের উদ্যোগী এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথিকৃৎ ছিলেন। দুর্নীতির বিরুদ্ধে তার জিরো টলারেন্স নীতি ও তারেক রহমানের সেই আদর্শ অনুসরণের কথাও তিনি উল্লেখ করেন।