ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, আসন্ন হজ পরিচালনায় কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, হজ ব্যবস্থাপনায় সামান্যতম ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, শুধু হজ নয়, সরকারি অন্যান্য কাজেও দায়িত্বে অবহেলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
মন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আল্লাহর সন্তুষ্টি ও বেতনকে হালাল রাখার জন্য প্রত্যেককে নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। তিনি অভিযোগ করেন, অনেক কর্মকর্তা কেবল আদেশ পালন করে ভালো অফিসার সাজার চেষ্টা করেন, যা দেশের জন্য উপকার বয়ে আনে না। মন্ত্রী কর্মকর্তাদের সঙ্গে খোলামেলা যোগাযোগ বজায় রাখার আহ্বান জানান এবং কোনো আদেশ আইনবিরোধী মনে হলে তা সরাসরি জানাতে বলেন।
সভায় ধর্মসচিব মো. কামাল উদ্দিনসহ বিভিন্ন অনুবিভাগের অতিরিক্ত সচিবরা উপস্থিত ছিলেন।